
মোঃ আবুল কালাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি,
সুনামগঞ্জের ধর্মপাশায় সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটিতে কাজ করতে গিয়ে নিচে পড়ে নাঈম (২১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম নাটোর জেলার নলডাঙ্গা থানার বট্রপাড়া গ্রামের শাহজাহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কাকিয়াম গ্রামের পাশে সৌরবিদ্যুৎ প্রকল্পের একটি খুঁটিতে তার টানানোর কাজ করছিলেন নাঈম। এ সময় অসাবধানতাবশত তিনি খুঁটি থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

























