
শওকত আলম, ঈদগাঁও কক্সবাজার,
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় পাওনা টাকার বিরোধে ছোট ভাইকে গুলি করে হত্যার মামলায় দীর্ঘদিন ধরে পলাতক আসামি মো. ফারুককে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে সদর উপজেলার ঝিলংজা লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ মে বিকেলে ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা ফুটখালী মসজিদের সামনে কাজের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ফারুক তার ছোট ভাই আবদু শুক্কুরকে (১৯) গুলি করে হত্যা করেন বলে মামলার অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। পরবর্তীতে আদালত ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তার ফারুক দক্ষিণ জানারঘোনা এলাকার সিরাজুল হকের ছেলে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

























