
সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিনগত রাতে উপজেলার গোড়াই হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও গোড়াই ফ্লাইওভার ব্রিজ এলাকায় এই অগ্নি সংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোনের ঘটনা ঘটে। ঘটনার পর গোড়াই এলাকার পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করেছে মির্জাপুর থানা পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার চাতকের ছেলে খন্দকার সিফাত (১৯), একই এলাকার শফিকুর রহমানের ছেলে রিফাত খান, ঘাটাইল উপজেলার ফুলমালির চালা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২১), নির্মল চন্দ্রের ছেলে অমৃত চন্দ্র (২১), ও সুজন চন্দ্র সেতু চৌধুরীর ছেলে প্রশান্ত চন্দ্র (২২)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রিফাত খান দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাকি অন্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
এদিকে এই মামলায় গ্রেপ্তারকৃতদের ঘিরে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা স্থানীয় কেউ নন। প¦ার্শবর্তী উপজেলা থেকে মির্জাপুর এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের কথায় এই নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেন তারা।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার গোড়াই এলাকার কয়েকটি স্থান থেকে তাদেরকে আটক করা হয়। ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

























