
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় গার্মেন্টস শ্রমিকদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে উপজেলার হোড়গাঁও ফকির গার্মেন্টসে ৫ টন চাল বিতরণ করা হয়।
খাদ্য অধিদপ্তরের বিশেষ বরাদ্দের এ চাল রূপগঞ্জের পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের মাঝে প্রতি শুক্রবার বিতরণ করা হবে বলে উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা আরিফুল হক জানান। এ সময় উপস্থিত ছিলেন ফকির গার্মেন্টসের কর্মকর্তা হাবিব খান, খাদ্য বিভাগের কর্মকর্তা আব্দুল হালিম, মোমেন, চন্দন প্রমুখ।
ফকির গার্মেন্টস শ্রমিক সজিব মিয়া জানান, গার্মেন্টসের বেতনে সংসার চালাতে কষ্ট হয়। ৩০ টাকা কেজি ধরে ১০ কেজি চাল পেয়ে অনেক উপকার হয়েছে। এ বরাদ্দ অব্যাহত থাকলে পোশাক কারখানার শ্রমিকদের জন্য খুব ভালো হয়। অপর শ্রমিক মাসুদা বেগম জানান, বিএনপি সরকার শ্রমিকদের জন্য ভালো কিছু করছেন। স্বল্প মূল্যে চাল পেয়ে তিনি খুব খুশী।
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু জানান, সারা বছর পোশাক শ্রমিকদের জন্য সরকারের কাছ থেকে পাওয়া বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হবে। খাদ্যের জন্য কেউ কষ্ট করবে না। ওএমএসের চাল বিতরণ অব্যাহত থাকবে বলে রূপগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা আরিফুল হক জানান।


























