
শহিদুল ইসলাম,
স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে দুই দিনব্যাপী গবাদিপশু ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৫ নভেম্বর ২০২৬, রবিবার উদ্বোধনী অনুষ্ঠানটি নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর দিকনির্দেশনায় বিএ-১০০৭৭ মেজর সাদাত মোঃ শাহরিয়ার শামীম শোভন প্রধান অতিথির বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।
তবে সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, টিকাদান ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে অনেক সময় কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয় না এবং পশু-পাখির মৃত্যুর কারণে খামারিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় জনগোষ্ঠীকে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশু-পাখি পালনে সহায়তা করবে।
তিনি আরও বলেন, গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন শুধু ব্যক্তিগত কর্মসংস্থানের মাধ্যম নয়, বরং জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ সৃষ্টি করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজস্ব খামার গড়ে তোলার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন এবং অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। এ সময় তিনি নানিয়ারচর জোনের আওতাধীন সকল জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিভিন্ন জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের সম্মিলিত অংশগ্রহণকে তিনি পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, উন্নয়নের সুফল সকল জনগোষ্ঠীর জন্য সমানভাবে নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি স্থানীয় জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
পরিশেষে, প্রধান অতিথি দুই দিনব্যাপী গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং প্রশিক্ষণার্থীদের সফলতা কামনা করেন।

























