
আল আমিন প্রধান, মতলব উত্তর প্রতিনিধি,
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী গ্রামে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘরসহ দুটি গর্ভবতী গরু পুড়ে মারা গেছে। আকস্মিক এই সর্বগ্রাসী আগুনে একটি দোচালা ঘর ও মূল্যবান আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার কান্নাজড়িত কণ্ঠে জানান, রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ শরীরে তীব্র গরম ও তাপ অনুভব হলে তিনি ঘর থেকে বাইরে বের হন। এ সময় তিনি গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, আগুনে তাঁর দুটি গর্ভবতী গরু জীবন্ত পুড়ে মারা যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। এ ছাড়া গোয়ালঘরে থাকা গবাদিপশুর খাদ্য, ধান, একটি বাইসাইকেল এবং গোয়ালঘরসংলগ্ন একটি দোচালা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আলাপকালে আক্ষেপ করে হযরত আলী বলেন, “আমি আজ নিঃস্ব হয়ে গেলাম, আমার সবকিছু শেষ! কীভাবে আগুনের এই সূত্রপাত হলো, আমি কিছুই বুঝতে পারছি না। আমার প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি আমার পরিবার নিয়ে কীভাবে বাঁচব, কীভাবে সংসার চালাব?”
স্থানীয় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বলেন, “হযরত আলী অত্যন্ত গরিব একজন মানুষ। অনেক কষ্ট করে দিনমজুরি করে তিনি সংসার চালান। আকস্মিক এই অগ্নিকাণ্ডে তাঁর সবকিছু পুড়ে যাওয়ায় তিনি এখন চরম অসহায়। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি আন্তরিক আর্থিক সহায়তার আহ্বান জানাচ্ছি।”
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আগুনের তাপে টের পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই গোয়ালঘর, দুটি গর্ভবতী গরু ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এই আকস্মিক দুর্ঘটনায় সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপন করছে।

























