
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না চালিয়ে জনগণের বাস্তব সমস্যা সমাধানে মনোযোগী হতে বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। মিথ্যা অপপ্রচার তারা আর খুব একটা বিশ্বাস করে না। আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি।’
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের সমালোচনা করে আমিনুল হক বলেন, সরকার যখন বিভিন্ন মন্ত্রণালয় ও সিটি করপোরেশনকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন এবং জনগণের মৌলিক সমস্যা সমাধানে কাজ করছে, তখন একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, জনগণের অধিকার রক্ষা করতে চাইলে তাদের পাশে দাঁড়াতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত না থেকে মানুষের বাস্তব সমস্যার সমাধানে কাজ করা উচিত।
সরকারের লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, অধিকার রক্ষা ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিপূর্ণ ও মানবিক দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ঢাকা-১৬ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পল্লবী ও রূপনগরের মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। প্রায় ৪৫ বছর ধরে এ এলাকায় বসবাস করছেন তিনি। নির্বাচনে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করা না হলেও এলাকার মানুষের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
আমিনুল হক জানান, পল্লবী ও রূপনগরের চারটি ওয়ার্ডের মানুষের মৌলিক ও সামাজিক সমস্যা সমাধানে কাজ করে যাবেন তিনি। স্কুল-কলেজের ভবন সংস্কার, খেলার মাঠের উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ এবং ওয়াসার পানির পাম্পসংক্রান্ত সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিসুর রহমান। এ সময় বিএনপি ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























