
স্পোর্টস ডেস্ক,
মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি নিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
সাক্ষাৎ শেষে তাবিথ আউয়াল জানান, ভবিষ্যতে ফিফার সঙ্গে বাংলাদেশের সহযোগিতা বাড়ানো, আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ এবং বিভিন্ন দেশের সঙ্গে খেলার সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় চলমান প্রকল্পগুলো নিয়েও কথা হয়েছে। প্রকল্পগুলোর কাজ এগিয়ে গেলে সেগুলোর উদ্বোধন করতে বাংলাদেশ সফরে আসতে পারেন ফিফা সভাপতি।
বাফুফে সভাপতি আরও জানান, বাংলাদেশে টেকনিক্যাল সেন্টার স্থাপন, সিলেটে হাইব্রিড পিচ তৈরি, দুটি স্টেডিয়াম সংস্কার ও ফ্লাডলাইট স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। স্টেডিয়ামে সৌরবিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি প্রাথমিক স্তর থেকে স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগের কথাও ফিফা সভাপতিকে জানানো হয়েছে।
তাবিথ আউয়াল বলেন, ফিফা সভাপতি নির্বাচন বা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে তাঁদের আলোচনা হয়নি। বৈঠকে মূলত বাংলাদেশের ফুটবল উন্নয়ন ও ফিফার সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে ফিফার কাছ থেকে অতিরিক্ত সহায়তা পাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।

























