
মাকসুদুল হোসেন তুষার,
গ্যাস সংকট সমাধানে তারেক রহমান ও এমপি দিপুর উদ্যোগের প্রশংসা নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের সংকট নিরসন, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলার ব্যস্ততম ভুলতা গাউছিয়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে নেতাকর্মীরা স্থানীয় ব্যবসায়ী, পথচারী, পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষের হাতে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, অনিয়ম-দুর্নীতি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি সংবলিত লিফলেট তুলে দেন।
লিফলেট বিতরণকালে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমল থেকেই গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শিল্পকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকরা গ্যাস ও বিদ্যুৎ সংকটে ভুগছেন। এতে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়েছে।
তিনি আরও বলেন, দেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্যোগ নিয়েছেন। তাঁর দিকনির্দেশনায় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কাজ করা হচ্ছে। একই সঙ্গে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু রূপগঞ্জের গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে তাঁর প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
মাহবুবুর রহমান বলেন, ইনশাআল্লাহ, অল্প কিছুদিনের মধ্যেই রূপগঞ্জবাসী গ্যাস ও বিদ্যুতের সংকট থেকে মুক্তি পাবেন বলে আমরা আশাবাদী। পর্যায়ক্রমে লোডশেডিংয়ের দুর্ভোগও দূর হবে। জনগণের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করায় তারেক রহমান ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেল দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এসব খাতে সংকট সৃষ্টি হলে শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ে। তাই জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহমেদ, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম মিয়া ও বাদশা মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন ও রমজানসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচি থেকে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।


























