
মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের চাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক কিশোরী।
শনিবার (১৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজার এলাকায় ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী এ তথ্য জানান।
নিহতরা হলেন, উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের প্রভাষক মো. শহিদুলের স্ত্রী লিপি খাতুন (৩২), তাঁর ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। এ ছাড়া যাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকার বাদল মিয়ার স্ত্রী শরীফা বেগম (৪২) এবং ইজিবাইকের প্রায় ৪০ বছর বয়সী চালক নিহত হয়েছেন।
দুর্ঘটনায় শরীফা বেগমের মেয়ে বৃষ্টি (১৭) গুরুতর আহত হয়েছে। প্রথমে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রৌমারী থানার ওসি কাওসার আলী জানান, বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ইজিবাইকটিকে একটি মালবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সামাদ জানান, দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

























