
মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি,
খাগড়াছড়ির রামগড়ে শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মন্দির ও বৌদ্ধ বিহারে অনুদান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শিশু খাদ্য ও গবাদিপশুর খাদ্য বিতরণ করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে উপজেলার দুটি পূজামণ্ডপে এবং প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৫৯টি বৌদ্ধ বিহারে অনুদান দেওয়া হয়। এ ছাড়া সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ২০ প্যাকেট শিশু খাদ্য ও ৩০ বস্তা গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

























