
বিনোদন ডেস্ক,
ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা অজয় দেবগন ও তাঁর মায়ের মালিকানাধীন একটি বাংলোর অবৈধ অংশ ভেঙে দিয়েছে বৃহৎ মুম্বাই পৌরসংস্থা (বিএমসি)। প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নির্মাণকাজ চালানোর অভিযোগে গত ১২ অক্টোবর এ অভিযান চালানো হয়।
এর আগে গত সেপ্টেম্বরে নির্মাণকাজ বন্ধ রাখা এবং বৈধ অনুমোদনের নথি জমা দিতে মালিকপক্ষকে নোটিশ দিয়েছিল বিএমসি। তবে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হওয়ায় গত ৬ অক্টোবর মালিকপক্ষের জবাব খারিজ করে দেয় কর্তৃপক্ষ। পরে বাংলোটির অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।
প্রায় ৭ হাজার ৮০২ বর্গফুটের বিলাসবহুল বাংলোটি সম্প্রতি পাঁচ বছরের চুক্তিতে একটি সেলুন প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছিল। হাউজিং সোসাইটি সেখানে সেলুন খোলার অনুমতি দিলেও ভবনের কাঠামোগত পরিবর্তন বা বাণিজ্যিক রূপান্তরের অনুমতি দেয়নি বলে জানা গেছে।

























