
স্পোর্টস ডেস্ক,
আগামীকাল রোববার (১৮ অক্টোবর) স্বল্প সময়ের জন্য ঢাকায় আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে তাঁর বাংলাদেশ সফর বা ট্রানজিটের বিষয়টি এখনো নিশ্চিত নয়।
ফিফা সভাপতি ভুটানের থিম্পু সফরে যাবেন। সরাসরি ফ্লাইটের সীমাবদ্ধতার কারণে থিম্পু যাওয়ার পথে ঢাকা, সৈয়দপুর কিংবা ভারতের কোনো বিমানবন্দরে ট্রানজিট নিতে পারেন তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, ইনফান্তিনোর সম্ভাব্য ট্রানজিটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। দ্রুত ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন।
ইনফান্তিনো ঢাকার বিমানবন্দরের ভিআইপি জোনে অবস্থান করলে বাফুফে সভাপতি ও সহসভাপতিরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

























