
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের কালিবাড়ী মোড় এলাকায় জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়।
ইয়াসের খান চৌধুরী বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ধারাকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখা হবে।
সম্প্রতি বাসে আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সহিংসতা বা ভয় দেখিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি।
এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বক্তব্য দেন। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


























