
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনা ও তার সহযোগীদের ফেরত চাইলেও ভারত তা করছে না। তাঁর দাবি, এর পেছনে ভারতের কোনো উদ্দেশ্য রয়েছে।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ না নেওয়া প্রসঙ্গে রিজভী দাবি করেন, এর পরদিনই ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ার ঘটনা ঘটে। তবে বিদ্যুৎ বিভাগের তথ্যে, আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ১০ সেপ্টেম্বর কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়েছিল এবং ১৩ সেপ্টেম্বর তা আবার জাতীয় গ্রিডে যুক্ত হয়।
বর্তমান সরকারের বিভিন্ন নীতি ও দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন রিজভী। তিনি দাবি করেন, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























