
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় United Apparel Composite Ltd. কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে চাষাঢ়া-পঞ্চবটি সড়কে যান চলাচল ব্যাহত হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে শ্রমিকরা ফতুল্লা থানাধীন পুলিশ লাইন সংলগ্ন চাষাঢ়া-পঞ্চবটি সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।
পরে জেলা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেন। এতে যান চলাচল স্বাভাবিক হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রশাসন সূত্রে জানা গেছে, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে কারখানার শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান করছেন।
পরিস্থিতি প্রশাসনের নজরদারিতে রয়েছে এবং গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টরা ফলোআপের মাধ্যমে অবহিত করবেন।

























