
আন্তর্জাতিক ডেস্ক,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা নীতি কার্যকর হওয়ার আগেই তা আটকে দিয়েছেন একটি ফেডারেল আদালত।
বোস্টনের ফেডারেল বিচারক বিভিন্ন শিক্ষা ও শ্রমিক সংগঠনের করা মামলার রায়ে এ নিষেধাজ্ঞা দেন। নতুন নীতিতে বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর এবং সাংবাদিকদের থাকার সময়সীমা ২৪০ দিনে সীমিত করার কথা ছিল।
জাতীয় নিরাপত্তা ও ভিসা জালিয়াতি ঠেকানোর যুক্তিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নীতিটি প্রণয়ন করেছিল। তবে বিচারক বলেন, নীতিটি দুর্বল যুক্তির ওপর ভিত্তি করে তৈরি এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও বিকল্প বিবেচনা করা হয়নি।
রায়ে বলা হয়, প্রায় ৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার পুরো সময়ের জন্য ভিসা দেওয়ার প্রচলন রয়েছে। এতে লাখো শিক্ষার্থী ও গবেষক দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অবদান রেখেছেন।
বিচারকের মতে, নতুন নিয়ম কার্যকর হলে বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমে যেতে পারত এবং শত শত মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির আশঙ্কা ছিল।
আদালতের রায়ের ফলে আপাতত যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য আগের ভিসা নীতিই বহাল থাকছে। তবে প্রশাসন বলছে, এ সিদ্ধান্ত অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকানো কঠিন করে তুলবে।

























