
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জে মো. সজিব হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ফতুল্লার আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সচেতন নাগরিক সমাজ, নিহত সজিবের বিচারপ্রার্থী পরিবারের সদস্য এবং গোদনাইল নয়াপাড়া ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সজিব হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও মদদদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, ন্যায়বিচার কোনো দয়া নয়, এটি নাগরিকের অধিকার। দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তারা নিহতের পরিবার ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান। মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
নিহতের মা শিরিনা আক্তারসহ পরিবারের সদস্য শারমীন ও তুলি মানববন্ধনে উপস্থিত ছিলেন। এ সময় তারা সজিব হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

























