
বিনোদন ডেস্ক,
বিরাট কোহলি ও আনুশকা শর্মার লন্ডনে বসবাস নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা। কেন ভারতের মতো দেশে থাকা ছেড়ে এই তারকা দম্পতি লন্ডনকে বেছে নিয়েছেন—এবার সেই প্রশ্নের উত্তর নিয়ে আবারও আলোচনায় এসেছে চিকিৎসক ও মাধুরী দীক্ষিতের স্বামী ড. শ্রীরাম নেনের পুরোনো এক সাক্ষাৎকার।
এক পডকাস্টে বিরাট-আনুশকার লন্ডনে চলে যাওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে ড. নেনে দাবি করেন, এ বিষয়ে একসময় আনুশকার সঙ্গে তার ব্যক্তিগতভাবে কথাও হয়েছিল।
নেনের ভাষ্য অনুযায়ী, বিরাট ও আনুশকা খ্যাতির আড়ালে কিছুটা স্বাভাবিক জীবনযাপন করতে চেয়েছেন। বিশেষ করে সন্তানদের এমন পরিবেশে বড় করার ইচ্ছা ছিল তাদের, যেখানে অতিরিক্ত প্রচার, ভক্তদের ভিড় ও সারাক্ষণ মানুষের নজরে থাকার চাপ তুলনামূলকভাবে কম।
ড. নেনে বলেন, ভারতে বিরাট-আনুশকার মতো তারকা দম্পতির জন্য ব্যক্তিগত সময় কাটানো অনেকটাই কঠিন। পরিবারের সঙ্গে বাইরে বের হওয়া কিংবা কোনো রেস্তোরাঁয় খেতে গেলেও ভক্তদের ভিড়, ছবি তোলার অনুরোধ এবং ক্যামেরার উপস্থিতি তাদের প্রায়ই সামলাতে হয়।
দুজনই নিজ নিজ ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয় হওয়ায় এই অতিরিক্ত মনোযোগ তাদের ব্যক্তিগত জীবনেও অস্বস্তি তৈরি করতে পারে বলে মনে করেন নেনে।
তিনি জানান, আনুশকা তাকে বলেছিলেন, সবসময় মানুষের নজরের মধ্যে থাকা এবং অতিরিক্ত ভিড় থেকে দূরে থাকার আকাঙ্ক্ষা লন্ডনে যাওয়ার অন্যতম কারণ। ভারতে থাকলে চাইলেও তারা অনেক সময় নিজেদের সাফল্য কিংবা পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্বাভাবিকভাবে উপভোগ করতে পারতেন না।
নেনের বক্তব্য অনুযায়ী, বিরাট-আনুশকার কাছে ব্যক্তিগত পরিসর এবং সন্তানদের সঙ্গে নিরিবিলি সময় কাটানো গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় তুলনামূলক শান্ত ও ব্যক্তিগত জীবনযাপনের সুযোগ থাকায় লন্ডনকেই তাদের কাছে উপযুক্ত মনে হয়েছে।

























