
নুর মোহাম্মদ, কক্সবাজার,
রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হানিফ মিয়া। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোজাফফর আহমদ।
আরো বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজের প্রভাষক আসমা উল হুসনা, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম, সাংবাদিক শোয়েব সাঈদ, রামু ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দ্বিপাম্বিতা বড়ুয়া এবং ইউপি সদস্য সালামত উল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে বই ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। তাদের মধ্যে রামুর অফিসেরচর এলাকার সৌদি আরব প্রবাসী মো. শাহাবুদ্দিনের কন্যা নজুত বিনতে শাহাব রয়েছেন।
কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানকালে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
























