
চট্টগ্রাম ব্যুরো,
বাংলাদেশের প্রথম হাইব্রিড টেলিভিশন চ্যানেল ‘ভিওডি বাংলা’র ২য় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ভিওডি বাংলার চট্টগ্রাম ব্যুরো আবদুস সাত্তার রানা’র সার্বিক ব্যবস্থাপনায় অভিনেতা ও উপাস্থাপক ইফরাদ আবেদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ, সাবেক প্রেস কাউন্সিল সদস্য ও চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা মঈনুদ্দীন কাদেরী শওকত, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১৩), সংসদ সদস্য সাঈদ আল নোমান (চট্টগ্রাম-১০) এবং সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর।

এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সহযোগী অধ্যাপক ড. রাজিব হোসেন, আরটিভির ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম, এনটিভির মো. আলী রাশেদ, দৈনিক আজকের বাংলা’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমন,এটিএন নিউজের ইরফানুল হক, পূর্ববাংলার সম্পাদক আলী হোসেন, পিএইচডি টেলিভিশনের মোস্তফা জাহেদ, ঢাকা জার্নালের রিপোর্টার ও বিটিভির উপাস্থাপক আশিক আরেফিন, দৈনিক দেশ বর্তমানের জিয়াউল হক ইমন, দৈনিক সকালের সময়ের ব্যুরো চীফ এস এম পিন্টু, মোহনা টেলিভিশনের মো: রিয়াজ, ব্যাংকার উম্মে হাবিবা,এবং দৈনিক দক্ষিণ পূর্বের পারভেজ রেজা সহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত থেকে শুভেচ্ছা জানান।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ এর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি ভিওডি বাংলার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অন্যান্য বক্তারা বলেন, দ্রুত ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের পাশাপাশি দেশের প্রান্তিক মানুষের সুখ-দুঃখ গণমাধ্যমে তুলে ধরতে অনলাইন ও টেলিভিশন ভিত্তিক সংবাদমাধ্যমের অবদান অপরিসীম।
তারা আরও আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সংগঠক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কর্তৃক প্রতিষ্ঠিত এই হাইব্রিড চ্যানেলটি আগামীতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা বজায় রাখবে।
উৎসবমুখর পরিবেশে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
























