
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি এবং সহ-সভাপতি পদে মনোনয়ন প্রদান করা হয়েছে। এতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মনোয়ার হোসেন-কে সভাপতি এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিজ নেওয়াজ হালিমা আরলী-কে সহ-সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রাপ্ত নির্দেশক্রমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সেবা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উক্ত কমিটিতে তাঁদের এই পদে মনোনয়ন প্রদান করা হলো।
মনোনয়নের এই অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যগণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।

























