
নুর মুহাম্মদ,কক্সবাজার,
কক্সবাজারের রামুতে জমি বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট মারামারির ঘটনায় আহত মোহাম্মদ হোসেন (অসুস্থ হয়ে) অজ্ঞান হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোহাম্মদ হোসেন জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব নুনাছড়ি মুড়াপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ আগস্ট জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই এলাকার আব্দুস শুক্কুরের স্ত্রী খুরশিদা বেগমের সঙ্গে মোহাম্মদ হোসেনের ঝগড়া-বিবাদ হয়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে আসেন।
পরিবার সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে বিষয়টি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। গত ৩১ আগস্ট বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা বৈঠকও অনুষ্ঠিত হয়।
তবে ওইদিন রাতে বাড়িতে ফেরার পথে মোহাম্মদ হোসেন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান বলে জানান তার স্বজনরা।
এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর বিকেলে তিনি পুনরায় অজ্ঞান হয়ে পড়লে তার মেয়েসহ পরিবারের সদস্যরা দ্রুত তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার আশিকের তত্ত্বাবধানে তাকে নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেওয়া হয়।
পরিবারের দাবি, বর্তমানে মোহাম্মদ হোসেনের শারীরিক অবস্থা গুরুতর। তবে তার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ চিকিৎসকদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। জমি বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার প্রকৃত কারণ ও মোহাম্মদ হোসেনের অসুস্থতার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
























