
শহিদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার, পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার পেছনের দেশি-বিদেশি চক্রান্ত উদ্ঘাটনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
বুধবার (৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ কর্মসূচির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের তদন্তে এখনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, হত্যাকাণ্ডে জড়িতদের বিচার এবং পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ইনকিলাব মঞ্চের ঘোষিত কর্মসূচিগুলো হলো—
- বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল।
- শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল।
- একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বারবার পেছানোর সমালোচনা করা হয়। পাশাপাশি ভারত থেকে অভিযুক্তদের ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কাছ থেকে সুস্পষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানানো হয়।
এ সময় সংগঠনের প্রকাশনা সম্পাদক ফাহিম মীর, সদস্য হাবিবুল্লাহ মিসবাহসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























