
আব্বাস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গত ১০ মাসের বেশি সময়ে বিভিন্ন অপরাধে ১ হাজার ১৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে হত্যা, ডাকাতি, ধর্ষণ ও চুরিসহ একাধিক চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, ২০২৫ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৩ অক্টোবর পর্যন্ত গ্রেপ্তারদের মধ্যে ৪৩ জন পেশাদার ডাকাত, ১৪৫ জন মাদক কারবারি, নিয়মিত মামলার ৩৫৮ জন, সাজাপ্রাপ্ত ৫৫ জন, ওয়ারেন্টভুক্ত ৪৫৪ জন এবং অন্যান্য অপরাধে ১০৩ জন রয়েছেন।
এ সময়ে বেশ কয়েকটি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে প্রধান আসামিসহ ২১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। উত্তর কুট্টাপাড়ায় এনজিও কার্যালয়ে ডাকাতির ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন এবং পানিশ্বরের শান্তিনগরে মহাসড়কে ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ধর্ষণ, গরু চুরি ও অন্যান্য অপরাধের ঘটনায়ও অভিযান চালিয়ে গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ৭৩১ পিস ইয়াবা, ২১৭ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ২ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ ও ২০৩ বোতল এসকাফ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দেশীয় অস্ত্র, বল্লম, বর্শা, টেটা, চোরাই যানবাহন ও বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, অপরাধ দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

























