
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার শতাব্দীর ঐতিহ্যকে ধারণ করে একবিংশ শতাব্দীতে এগিয়ে চলার প্রত্যয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন আধ্যাত্মিক ও মানবিক সংগঠন শাহবাজী সিলসিলার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ মতবিনিময় সভা ও মিলনমেলা। শনিবার সকালে উপজেলার গোলাকান্দাইল বেরিবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় শাহবাজ ফাউন্ডেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে শতাধিক ভক্ত, মুরিদ, শুভাকাঙ্ক্ষী ও সমাজসেবী অংশগ্রহণ করেন।
এই সভার মূল প্রতিপাদ্য ছিল—“ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে যুগোপযোগী কার্যক্রমের দিকনির্দেশনা নির্ধারণ।”
সভায় শাহবাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন—
“আমি নয়, আমরা—এই ঐক্যের মধ্যেই নিহিত রয়েছে শাহবাজী সিলসিলার প্রকৃত শক্তি। আত্মিক উন্নয়ন কেবল ব্যক্তি পর্যায়ে নয়, তা হতে হবে সমাজকল্যাণমূলক।”
তিনি আরও বলেন, বর্তমানে নৈতিক অবক্ষয়ের সময়ে শাহবাজী দর্শনের মূল্যবোধকে সামাজিকভাবে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহবাজী সিলসিলা গত ৪০০ বছর ধরে মানবিক কল্যাণে কাজ করে আসছে। একবিংশ শতাব্দীতে এই ধারাকে আরও সক্রিয় করতে আধুনিক প্রযুক্তি, তরুণ নেতৃত্ব এবং সামগ্রিক সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি।
তরুণদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তাঁরা সিলসিলার কর্মকাণ্ডকে ডিজিটাল মাধ্যমে আরও সম্প্রসারণের প্রস্তাবনা দেন।
সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

























