
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইজতেমার আয়োজন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলিগ জামাত বাংলাদেশের সাদপন্থী প্রতিনিধিদের সঙ্গে ইজতেমার তারিখ নির্ধারণ, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বৈঠক হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সর্বাত্মক শান্তিপূর্ণ পরিবেশে বিশ্ব ইজতেমা আয়োজন করতে চায়। এ জন্য তাবলিগ জামাতের দুই পক্ষকে পারস্পরিক সমঝোতার মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ইজতেমা সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখা। কোনো ধরনের সংঘর্ষ যাতে না ঘটে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অতীতে ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হতাহতের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
মাওলানা সাদ কান্ধলভী বাংলাদেশে আসবেন কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত ১৮ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় তাবলিগ জামাতের জুবায়েরপন্থী অংশের প্রতিনিধিরা অংশ নেন।

























