
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
হেযবুত তওহীদের সদস্যদের নিয়ে হেফাজতে ইসলামের কথিত কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদ এবং সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে শরীয়তপুরে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সভাপতি বায়েজিদ মালত। সভাপতিত্ব করেন জেলা সাধারণ সম্পাদক কামাল সরদার। এছাড়া বক্তব্য দেন বরিশাল বিভাগ হেযবুত তওহীদের সভাপতি মো. শফিকুল আলম উখবা।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক ও মিথ্যা বক্তব্য দেওয়া হয়। সংগঠনটির আস্তানা গুঁড়িয়ে দিয়ে দেশ থেকে উৎখাতের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং বিভিন্ন সভা-সমাবেশ, মসজিদ ও ওয়াজ মাহফিলে তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে। এতে সংগঠনের সদস্যদের জানমাল ও কার্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক ও সংস্কারমূলক আন্দোলন এবং তারা আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। একই সঙ্গে উসকানি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা বন্ধ এবং সংগঠনের সদস্য, কার্যালয় ও প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের উগ্রবাদ, মব সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

























