
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া (৪৫) হত্যাকাণ্ডে জড়িত আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা বালুরঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত রিপন মিয়ার স্ত্রী শিল্পী বেগম, ছেলে শাওন ও শাহিন, ছোট বোন মনিরা বেগম, ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কাজী রাজনসহ রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রিপন মিয়ার ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে গত সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা গ্রামে রিপন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে শাওন ইফাত বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

























