
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, কাশফুলের দোল, শিউলির স্নিগ্ধ সুবাস আর ঢাকের মায়াবী বাদ্যে মুখরিত চারপাশ। প্রকৃতির অপরূপ সাজেই বাঙালির হৃদয়ে আসে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আগমন, ধূপ-ধুনোর সুগন্ধ, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। ভক্তদের প্রার্থনা, শিশু-কিশোরদের উচ্ছ্বাস আর নতুন সাজে উৎসবে মেতে ওঠা মানুষের পদচারণায় প্রাণ ফিরে পায় প্রতিটি পূজামণ্ডপ। ধর্মীয় আরাধনার পাশাপাশি শারদীয় দুর্গোৎসব হয়ে ওঠে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক বন্ধনের এক অনন্য মিলনমেলা।
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরেও ছড়িয়ে পড়েছে শারদীয় দুর্গোৎসবের সেই চিরচেনা আনন্দ ও উৎসবের আমেজ। পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার বন্দনা, পূজার আনুষ্ঠানিকতা আর ভক্তদের পদচারণায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এই আনন্দঘন মুহূর্তে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়ে দুর্গাপুর পৌরসভার ২২টি পূজামণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন দুর্গাপুর পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। প্রতিটি পূজামণ্ডপে বিশেষ নজরদারি রাখা সহ ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন তিনি।
পূজার আনন্দ কেবল একটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বাঙালির চিরায়ত সংস্কৃতিতে শারদীয় দুর্গোৎসব ভালোবাসা, মিলন আর সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক। পূজামণ্ডপে মণ্ডপে ভক্তদের প্রার্থনা, ঢাকের তালে তালে উৎসবের উচ্ছ্বাস এবং ভক্তদের শুভেচ্ছা বিনিময়ে যে আনন্দের আবহ তৈরি হয়, তা ছুঁয়ে যায় সব শ্রেণি-পেশার মানুষকে।
দুর্গাপুরের এই উৎসবমুখর পরিবেশে জামাল উদ্দিন মাস্টারও বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
পূজামণ্ডপে আগত ভক্তদের সঙ্গে তাঁর এই শুভেচ্ছা বিনিময় উৎসবের আনন্দ ভাগাভাগি করার একটি উপলক্ষ হয়ে ওঠে। প্রতিটি মণ্ডপে নির্বিঘ্নে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হউক, ভক্তরা আনন্দ ও ভক্তিভরে দেবী দুর্গার আরাধনা করুক এবং উৎসবের প্রতিটি মুহূর্ত সবার জন্য আনন্দময় হয়ে উঠুক—শারদীয় দুর্গোৎসবের মূল আকাঙ্ক্ষা যেন এমনই। উৎসবের আনন্দ সবার ঘরে পৌঁছে যাক, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মুখে ফুটে উঠুক হাসি এমন প্রত্যাশাই দুর্গাপুরের সম্প্রীতির ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে।
জামাল উদ্দিন মাস্টার অতীতে দুর্গাপুর পৌরসভা নির্বাচনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে দুইবার মনোনীত প্রার্থী ছিলেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তিনি আবারও সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনসম্পৃক্ততামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি মানুষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে যাচ্ছেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌরসভার ২২টি পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান এবং ভক্তদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য অংশ।

























