
কক্সবাজার অফিস:
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে নির্মিতব্য আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রের স্থান পরিদর্শন ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেছে সরকারের সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেলে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের পাশে সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র ও ফিশ প্রসেসিং প্লান্ট স্থাপনের স্থান সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ফারাহ শাম্মীসহ প্রতিনিধি দলের সদস্যরা। পরে স্থানীয় মৎস্যজীবী ও মৎস্য সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন তারা। এসময় মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান বলেন, ‘মহেশখালীতে মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে মাছ রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি স্থানীয় জেলেদের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে’।

























