
বিনোদন ডেস্ক,
বলিউডে ইমরান হাশমি দীর্ঘদিন ধরেই ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত। ২০০৪ সালে ‘মার্ডার’ ছবির মাধ্যমে পর্দায় আসার পর থেকেই সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে আলোচনায় জায়গা করে নেন তিনি। ‘মার্ডার’, ‘জান্নাত’, ‘আশিক বানায়া আপনে’ ও ‘রাজ থ্রি’-এর মতো ছবিতে চুম্বন দৃশ্যের কারণে দ্রুত এই পরিচিতি পান অভিনেতা। তবে অভিনয়ের পাশাপাশি তাঁর বিপুল সম্পদ নিয়েও রয়েছে আলোচনা।
বর্তমানে ‘গানমাস্টার জি৯’ ছবির কারণে শিরোনামে থাকা ইমরান হাশমির মোট সম্পদের পরিমাণ প্রায় ১০৫ কোটি টাকা বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অভিনয়ই ইমরানের আয়ের প্রধান উৎস। ছবিতে পারিশ্রমিকের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থেকেও আয় করেন তিনি। বিভিন্ন সূত্রের দাবি, একটি ছবিতে অভিনয়ের জন্য প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকা পারিশ্রমিক নেন এই অভিনেতা। এ ছাড়া ছবির লাভের অংশও পেয়ে থাকেন বলে জানা যায়। বিজ্ঞাপনে অংশ নেওয়ার জন্য তাঁর পারিশ্রমিক প্রায় দুই কোটি টাকা।
মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় রয়েছে ইমরানের বিলাসবহুল ফ্ল্যাট, যার আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা। বাড়িটির অন্দরসজ্জায় জাঁকজমকের বদলে সরলতাকে প্রাধান্য দিয়েছেন তিনি। হালকা রং, কাঠের কাজ ও খোলামেলা পরিবেশের পাশাপাশি সেখানে রয়েছে ব্যক্তিগত জিম ও বইয়ের সংগ্রহ নিয়ে সাজানো পাঠাগার।
মুম্বাইয়ের বাইরে গোয়াতেও সম্পত্তি রয়েছে অভিনেতার। ২০১০ সালে সমুদ্রের ধারে চারতলা একটি বিলাসবহুল পেন্টহাউস কেনেন তিনি। সেখানে রয়েছে সুইমিংপুল, জিম ও ছাদবাগান। শুটিংয়ের ব্যস্ততা থেকে বিরতি পেলে গোয়ায় সময় কাটাতে পছন্দ করেন ইমরান। এ ছাড়া লোনাভলায় প্রায় ১২ কোটি টাকা মূল্যের একটি ভিলা রয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।
হিমাচল প্রদেশেও ইমরানের একটি বাড়ি রয়েছে বলে শোনা যায়। পাশাপাশি মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় বাণিজ্যিক সম্পত্তিতেও বিনিয়োগ রয়েছে তাঁর।
গাড়ির প্রতিও বিশেষ আগ্রহ রয়েছে এই অভিনেতার। তাঁর সংগ্রহে রয়েছে প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা মূল্যের ল্যাম্বরগিনি হুরাকান, মার্সিডিজ-মেবাখ এস৫৬০, অডি এ৮ এল ও রেঞ্জ রোভার ভোগ। গাড়িগুলোর সম্মিলিত মূল্য ১৩ কোটি টাকারও বেশি হতে পারে।
উল্লেখ্য, ২৭ নভেম্বর মুক্তি পেয়েছে ইমরান হাশমি ও জেনেলিয়া দেশমুখ অভিনীত ‘গানমাস্টার জি৯’। ছবিতে রোমান্টিক দৃশ্যে এই জুটির রসায়ন দর্শকের নজর কেড়েছে।

























