
আন্তর্জাতিক ডেস্ক,
ইসরাইলের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রিত্ব ছাড়ার প্রস্তাব দিয়েছেন। তবে পরবর্তী সরকারে গুরুত্বপূর্ণ পদ এবং ভবিষ্যতে আবারও নেতৃত্বে ফেরার নিশ্চয়তা চান তিনি।
প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু। আগামী সপ্তাহের শুরুতেই তার প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটিয়ে বিকল্প জোট সরকার গঠনের বিষয়ে প্রায় একমত হওয়ার পথে রয়েছেন আইজেনকোট।
শনিবার নেতানিয়াহু বলেন, স্বাভাবিকভাবে ঐক্যের সরকারের নেতৃত্ব তারই দেওয়া উচিত এবং পর্যায়ক্রমিক দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রথমে তার প্রধানমন্ত্রী হওয়ার কথা। তবে দেশের অস্তিত্বের জন্য গুরুতর হুমকি এবং তা মোকাবিলায় অক্ষম সরকার গঠনের আশঙ্কা বিবেচনায় তিনি নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি হয়েছেন।
নেতানিয়াহু বলেন, গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আর মেয়াদের শুরুতে তিনি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন।
অচলাবস্থা নিরসনে রোববার সকালে নেতানিয়াহু ও আইজেনকোটের বৈঠক হওয়ার কথা রয়েছে।
নেতানিয়াহুর প্রস্তাবের জবাবে আইজেনকোট জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তবে ক্ষমতায় যাওয়ার বিকল্প পথ তৈরির বিষয়েও তিনি প্রায় একমত হয়েছেন।
আইজেনকোট বলেন, গত সপ্তাহে গোপন চ্যানেলের মাধ্যমে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কাছে বিস্তারিত প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু কোনো জবাব পাননি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান ও এড়িয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এক মাস আগে অনুষ্ঠিত ইসরাইলের সাধারণ নির্বাচনে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর থেকেই নেতানিয়াহুকে সরিয়ে নতুন জোট সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। সাম্প্রতিক দিনগুলোতে তথাকথিত ‘চেঞ্জ ব্লক’-এর বিভিন্ন দলের মধ্যে একের পর এক আনুষ্ঠানিক সমঝোতা হয়েছে।

























