
চঞ্চল,
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম এলাকায় পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে ছেলে নিমাই কর্মকারের (২৮) ছুরিকাঘাতে তার মা সুশীলা কর্মকার (৫৫) নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নিমাই কর্মকারের স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে যাওয়ায় পরিবারে কলহ চলছিল। এই তর্ক-বিতর্কের একপর্যায়ে শনিবার রাতে নিমাই কর্মকার আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। একসময় মা সুশীলা কর্মকার তাকে শান্ত করতে এলে নিমাই ছুরি দিয়ে মায়ের শরীরে একাধিক আঘাত করেন।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুশীলাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেলে নিমাই কর্মকারকে আটক করে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী ঘাতক সন্তানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এই নির্মম ঘটনাটি ঘটেছে।
এদিকে, ছেলের হাতে মায়ের এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকায় গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে।

























