
নুর মোহাম্মদ, কক্সবাজার:
নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলন। এই আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্মেলনকে সামনে রেখে ২০ সেপ্টেম্বর কক্সবাজারের অরুণোদয় স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়েছে এক সংবাদ সম্মেলন ও আলোচনা সভা।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে COAST ফাউন্ডেশন এবং CCNF (কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম)। আগামী ৩০ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় বক্তারা রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান, মানবাধিকার রক্ষা, এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দেন। বক্তারা বলেন, রোহিঙ্গা ইস্যু কেবল বাংলাদেশের একার নয়, বরং এটি একটি বৈশ্বিক মানবিক সংকট। তাই এ সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।
বিশেষ গুরুত্বের সঙ্গে জানানো হয় যে, কক্সবাজারেরই গর্বিত সন্তান, COAST ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম এবারের জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলনে কক্সবাজারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন। এটি কক্সবাজারের জন্য অত্যন্ত গর্বের ও গুরুত্বপূর্ণ একটি বিষয়।
সভায় উপস্থিত সকলে রেজাউল করিমের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং জোরালোভাবে দাবি জানান, তাঁকে যেন জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলনে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাবনা ও স্থানীয় জনগণের দাবিগুলো তুলে ধরার পূর্ণ সুযোগ দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা ও বাস্তব চিত্র আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দেওয়া জরুরি, আর রেজাউল করিম সে দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম।
আলোচনা সভায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ এনজিও প্রতিনিধিগণ অংশ নেন।

























