
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দিল্লি দেশটিকে নিজেদের প্রভাববলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাংলাদেশকে চিরস্থায়ী আধিপত্যের অধীনে রেখে করদ রাজ্যে পরিণত করার প্রচেষ্টা কখনো বন্ধ হয়নি বলেও দাবি করেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ভাষা আন্দোলনের নেতা গোলাম আর টিপু এবং বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কাছ থেকে কমরেড তোয়াহার অনেক গল্প শুনেছেন। ডাকসুর তৎকালীন প্রভাবশালী নেতা হিসেবে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান—উভয় অংশেই তার ব্যাপক জনপ্রিয়তা ছিল।
১৯৪৮ সালে বাংলা ভাষার পক্ষে কমরেড তোয়াহার সাহসী ভূমিকার কথা তুলে ধরে রিজভী বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সামনে দাঁড়িয়ে বাংলা ভাষার পক্ষে প্রতিবাদ জানানো সহজ ছিল না। রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হওয়ার পরপরই প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানানোর সাহস দেখিয়েছিলেন তোয়াহা।
বামপন্থী রাজনীতির বিভক্তি প্রসঙ্গে তিনি বলেন, একসময় দেশে মৌলিক রাজনৈতিক রূপান্তরের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তাত্ত্বিক ও দর্শনগত বিতর্কের কারণে নেতাদের মধ্যে বিভক্তি দেখা দেয়। তাদের মধ্যে ঐক্য থাকলে সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, আধিপত্যবাদের বিভিন্ন হাতিয়ার এখনো ব্যবহার করা হচ্ছে। শেখ হাসিনা বিভিন্ন সময় দেশে ফিরে আসার কথা বলেছেন। তার অনুসারীরা বিভিন্ন স্থানে আগুন ও নাশকতা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। প্রতিবেশী দেশের নীতিনির্ধারকেরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে উসকানি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, কমরেড তোয়াহা স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে ১৯৭২ সাল থেকেই তারা বুঝতে পেরেছিলেন, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও বাংলাদেশকে দিল্লি নিজেদের প্রভাববলয়ে রাখার চেষ্টা করছে। সেই সময় থেকেই তারা আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
তিনি আরও বলেন, মাওলানা ভাসানী ও কমরেড তোয়াহার মধ্যে মতপার্থক্য থাকলেও তারা সবাই দেশপ্রেমিক ছিলেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তা রক্ষায় তাদের কাজ, বক্তব্য, সংগ্রাম ও ত্যাগ আজও অনুপ্রেরণা জোগায়।
পূর্বসূরিদের শিক্ষা আত্মস্থ ও অনুশীলন করতে পারলে শত্রু-মিত্র চিহ্নিত করা সহজ হবে এবং স্বাধীনতার পক্ষে আরও দৃঢ় অবস্থান নেওয়া সম্ভব হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
বাংলাদেশ সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান মো. নূরে আলমের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

























