
মোঃ সাগর ইসলাম,
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১৯ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উদ্ধারকৃত এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার ৭০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার ২৬ নভেম্বর দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় চান্দেরহাট বিওপির সদস্যরা চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১১৯ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা ও অনুসন্ধান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি উদ্ধারকৃত সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না এবং অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


























