
শওকত আলম, কক্সবাজার,
সিলেটে গ্রেপ্তারের পর কক্সবাজারে আনা হয়েছে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে। টেকনাফের সহিংসতা ও নাশকতার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কঠোর পুলিশি পাহারায় সড়কপথে পুলিশের ভ্যানে করে তাঁদের কক্সবাজার আদালতে নেওয়া হয়। পরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে হাজির করা হলে বিচারিক প্রক্রিয়া শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে তাঁদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।
আদালতে সোপর্দ করা চারজন হলেন—সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির ভাই আবদুস শুক্কুর ও আবদুর আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অহিদুর রহমান।
তিনি জানান, গ্রেপ্তারের পরপরই কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেটের উদ্দেশে রওয়ানা হয়। বুধবার তাঁরা সিলেটে গিয়ে আসামিদের বুঝে নেন। পরে রাতেই তাঁদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হয় পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তাঁরা কক্সবাজারে পৌঁছান।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, কক্সবাজারে পৌঁছানোর পর চারজনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে সোপর্দ করা হয়। আদালতের প্রক্রিয়া শেষে টেকনাফের সহিংসতা ও নাশকতার দুটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

























