
আল আমিন প্রধান, মতলব উত্তর প্রতিনিধি,
নিজেদের মধ্যকার সকল বিভেদ ও বিভাজন ভুলে পতিত আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ঠেকাতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ছেংগারচর পৌরসভার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক নৈরাজ্যবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের কর্মকাণ্ডের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, “আমাদের মাইনাস করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা কাউকে পরোয়া করি না। দলের দুঃসময়ে আমরা মাঠে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। কেউ যদি আমাদের বাদ দিয়ে চলতে চায়, তবে পতিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধের পাশাপাশি তাদের বিরুদ্ধেও আমরা কঠোর অবস্থান নেব। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।”
বক্তারা আরও বলেন, দলের ভেতরের সকল মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দীনের হাতকে আরও শক্তিশালী করতে হবে।
ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মোল্লা, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খলিল মাস্টার এবং পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জমির হোসেন।
এ সময় বিএনপি নেতা রাজিব মৃধা, অলিউল্লাহ সিকদার ও বিল্লাল সৈয়ালসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

























