
শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে থানা পুলিশ। নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার কালিরছড়া এলাকায় ড্রোন উড়িয়ে বিশেষ নজরদারি ও টহল পরিচালনা করা হয়েছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে ড্রোন প্রযুক্তির মাধ্যমে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও আশপাশের পরিস্থিতি আকাশপথ থেকে পর্যবেক্ষণ করা হয়।
ড্রোনের মাধ্যমে বিস্তৃত এলাকার ওপর নজরদারি করা সম্ভব হওয়ায় সন্দেহজনক গতিবিধি শনাক্ত, অপরাধপ্রবণ এলাকায় পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত পুলিশি পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে এ প্রযুক্তি। বিশেষ করে দুর্গম ও বিস্তৃত এলাকায় প্রচলিত টহলের পাশাপাশি ড্রোন ব্যবহার পুলিশের নজরদারি কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে।
পুলিশের এ উদ্যোগকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ, মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত টহলের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।

























