
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ, অপমানজনক মন্তব্য ও সংঘবদ্ধ সাইবার আক্রমণের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা—এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে জামায়াত-শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড, নেতাদের ভূমিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আচরণের সমালোচনা করেন।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, সাইবার হয়রানি ও আক্রমণের ভয়ে অনেকেই জামায়াত-শিবিরের সমালোচনা করতে সাহস পান না। তবে তিনি দলটির কথিত মিথ্যা প্রচারণা ও রাজনৈতিক বয়ানের বিরুদ্ধে অবস্থান ধরে রেখেছেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবিরের রাজনৈতিক অবস্থান ও নেতাকর্মীদের আচরণ সম্পর্কে মানুষের ধারণা স্পষ্ট হয়েছে। তাঁর অভিযোগ, সমালোচনার জবাবে যুক্তি ও তথ্য তুলে ধরার পরিবর্তে দলটির নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে সাইবার আক্রমণ চালিয়ে ভিন্নমতাবলম্বীদের কণ্ঠরোধের চেষ্টা করছেন।
নিজেও এমন আক্রমণের শিকার হচ্ছেন দাবি করে রাশেদ খাঁন বলেন, জামায়াতের শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে সক্রিয় হয়েছেন। দলটির বিভিন্ন কর্মকাণ্ড ও কথিত অসংগতি নিয়ে ধারাবাহিকভাবে তথ্য প্রকাশ করায় তাঁকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মনে করেন তিনি। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্যেও এর প্রতিফলন রয়েছে বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার কথিত গোপন বৈঠকের তথ্য-প্রমাণ প্রকাশের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। পাশাপাশি জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলের পর আরেক সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সামনে আসার বিষয়টি উল্লেখ করেন। এসব ঘটনায় দলটির নেতাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
জামায়াত-শিবিরের সামাজিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তাঁর ভাষ্য, দলটির নেতাকর্মীরা নিজেদের গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পছন্দ করেন এবং সচেতন সমাজের মানুষের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা কম।
তিনি আরও বলেন, বিরোধী দলে যাওয়ার পর জামায়াত-শিবিরের নেতাকর্মীদের কর্মকাণ্ডে যে প্রবণতা দেখা যাচ্ছে, তা অব্যাহত থাকলে একসময় সাধারণ মানুষও দলটির কাছাকাছি যেতে চাইবে না।

























