
এস এম রনি,
নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ খোকন ওরফে চোক্কা (৩৬) নামে ১১ মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে বন্দরের সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনে তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন রামনগর এলাকার মো. পারভেজ (২৮) ও মো. মঞ্জুর (৫০)। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি রামদা, একটি চাপাতি, চারটি ছুরি এবং একটি তার কাটার প্লাস উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, খোকন ওরফে চোক্কার বিরুদ্ধে ডাকাতিসহ ১১টি মামলা ও পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পারভেজের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঞ্জুরের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতিসহ তিনটি মামলা চলমান রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে।


























