
শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের ঈদগাঁও বাজারে বিশেষ অভিযান চালিয়ে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ জামাল উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫ (ব্যাটালিয়ন সদর)। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আলমাছিয়া মাদ্রাসা-সংলগ্ন শাকিল ট্রেডিংয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি অভিযানিক দল জানতে পারে, একটি পিকআপ ভ্যানে করে ইয়াবার বড় চালান পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযানিক দলটি ঈদগাঁও বাজারের শাকিল ট্রেডিংয়ের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়।
এ সময় পিকআপ ভ্যানটিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে পিকআপ ভ্যানের চালক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামাল উদ্দিন (৩৮) চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বটতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের জসিম উদ্দিন ও রোজিনা আকতারের ছেলে।
উদ্ধার করা ইয়াবা, জব্দ করা অন্যান্য আলামত ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

























