
রাশেদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি,
মৌলভীবাজারের রাজনগরে পোর্টিয়াস মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক বাবু কন্দর্প কুমার ভট্টাচার্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী কন্দর্প কুমার ভট্টাচার্যের ভাষ্য অনুযায়ী, ডাকাতেরা বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আলমারি, ওয়ারড্রোব ও শোকেসের তালা ভেঙে প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
কন্দর্প কুমার ভট্টাচার্য জানান, দুর্গাপূজা উপলক্ষে তাঁর দুই মেয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ সময় বাড়িতে তাঁর স্ত্রী ও পুত্রবধূও ছিলেন।
ঘটনার খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।
এদিকে সাবেক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং রাজনগর প্রেসক্লাবের সদস্যরা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


























