
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি,
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি রাস্তা বিরোধ মীমাংসার পর চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এবার স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে ব্যক্তিগত অর্থায়নে ৭০০ ফুট রাস্তা ইটসলিংয়ের উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল তিনটার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রেমনগর গ্রামে এ কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাস্তাটি বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে তাঁদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে পাশের পারিবারিক কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতো।
প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, রাস্তাটির ৩২০ ফুট ব্যক্তিমালিকানাধীন এবং ৪৮০ ফুট সরকারি—সব মিলিয়ে দৈর্ঘ্য ৮০০ ফুট। রাস্তা নিয়ে বিরোধের কারণে দীর্ঘদিন এটি বন্ধ ছিল। পরে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম , মৎস্য দলের সভাপতি ছালিক মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আপ্তাব রুহুল , ইউপি সদস্য ফজলুর রহমান ও শাওন আহমদ, বিএনপি নেতা আবু মিয়া এবং স্থানীয় মুরব্বিদের সহযোগিতায় বিরোধ মীমাংসা করে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
তিনি আরও বলেন, সরকারি বরাদ্দে হয়তো ২০০ থেকে ৩০০ ফুট রাস্তা ইটসলিং করা সম্ভব হতো। কিন্তু জনসাধারণের চলাচলের সুবিধার জন্য দীর্ঘ অংশে ইটসলিং প্রয়োজন। এ কারণে তিনি ব্যক্তিগত অর্থায়নে ৭০০ ফুট রাস্তা ইটসলিংয়ের উদ্যোগ নিয়েছেন। রাস্তাটি প্রায় ৩০০ পরিবারের মানুষ ব্যবহার করেন। এ কাজে জমি দানকারী এবং স্বেচ্ছায় সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ইউপি সদস্য শাওন আহমদ বলেন, রাস্তা নির্মাণের শুরুতে কিছু জটিলতা দেখা দিয়েছিল। পরে উপজেলা বিএনপির সভাপতি, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপির সভাপতি, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য ফজলুর রহমান ও স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় বিরোধের সমাধান হয়। এরপর প্যানেল চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে ইটসলিংয়ের কাজ শুরু হয়েছে।
স্থানীয় প্রবাসী আলিফুর রহমান বলেন, রাস্তার একাংশের রেকর্ডীয় মালিকানা দাবি করে এক পক্ষ চলাচলের পথে বেড়া দিয়েছিল। এর প্রতিবাদ করতে গিয়ে তিনি মামলার শিকার হন এবং এক মাস ১৮ দিন কারাগারে ছিলেন। পরে উপজেলা বিএনপির নেতাদের উদ্যোগে ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সহযোগিতায় উভয় পক্ষের বিরোধ মীমাংসা হয়। রাস্তা ইটসলিংয়ের উদ্যোগে এলাকাবাসী খুশি হয়েছেন বলে জানান তিনি।
উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন, তিনি নিজে, ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আপ্তাব রুহুল, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় সমস্যার সমাধান হয়েছে।
তিনি জানান, প্রেমনগর গ্রামের জুলু মিয়া গংয়ের বাড়ির সামনে থেকে বেতু মিয়ার বাড়ির পেছন পর্যন্ত সাত ফুট প্রস্থ ও ৭০০ ফুট দৈর্ঘ্যের রাস্তাটি প্যানেল চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে ইটসলিং করা হচ্ছে। এতে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হবে বলে তাঁরা আশা করছেন।


























