
মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি,
সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পর্যটনকেন্দ্রটি সবার জন্য উন্মুক্ত করার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াছড়ি গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, সাজেক দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র। এ পর্যটনকেন্দ্রকে ঘিরে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন ব্যবসায়ীরা। পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে কোটি কোটি টাকা বিনিয়োগকারী ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়বেন।
বক্তারা আরও বলেন, কোনো আঞ্চলিক দলের ইচ্ছা-অনিচ্ছার ওপর সাজেকের পর্যটন কার্যক্রম নির্ভর করতে পারে না। পর্যটন খাতের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে সাজেকের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
সমাবেশ থেকে সাজেকের পর্যটন খাত রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি অস্ত্রধারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত সাজেক পর্যটনকেন্দ্র সবার জন্য উন্মুক্ত করার দাবি জানান ব্যবসায়ীরা।

























