
মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি,
খাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় তানিয়া আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া আক্তার উপজেলার পুরাতন বরনাল এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে তানিয়াকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিবি হাসপাতালে নিয়ে যান। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেজওয়ান হোসেন তানিয়াকে মৃত ঘোষণা করেন।
তানিয়ার নানা আমিজুল হক জানান, নাতনি তানিয়াসহ পরিবারের কয়েকজন সদস্য খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথেই তারা দুর্ঘটনার কবলে পড়েন।
আহত বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাককে বিজিবি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুইমারার শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুই আহত ডেইজি আক্তার (৩৫) ও আখি আক্তার (১৭) পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আকস্মিক এ মৃত্যুতে স্থানীয় এলাকাতেও শোকের পরিবেশ বিরাজ করছে।


























