
শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভ সড়কের পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টুরেন্ট ও রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে উখিয়া থানায় দায়ের করা এ মামলায় রিসোর্টের মালিক তানভীর, ম্যানেজার সুমনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় রিসোর্টের ম্যানেজার সুমনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে উখিয়া থানার একজন উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।
ওসি জানান, শনিবার বিকেলে আটক হওয়া রিসোর্টের ম্যানেজার সুমনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার তাঁকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন টুপটুপ রেস্টুরেন্ট ও রিসোর্টে আগুন লাগে। কাঠ ও বাঁশ দিয়ে তৈরি তিনতলা রিসোর্টটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পুরো স্থাপনাটি পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভয়াবহ এ ঘটনায় ১০ পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া কয়েকজন আহত ও দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, সম্ভাব্য অবহেলা ও দায়দায়িত্ব নির্ধারণে কক্সবাজার জেলা প্রশাসনের পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ করছে।
তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত, রিসোর্টের নিরাপত্তাব্যবস্থা, অগ্নিনির্বাপণ প্রস্তুতি এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হবে বলে আশা করা হচ্ছে।
কক্সবাজারের অন্যতম পর্যটন এলাকা উখিয়ার ইনানীতে এমন মর্মান্তিক অগ্নিকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে পর্যটনকেন্দ্রের আবাসিক স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা, জরুরি বহির্গমন ব্যবস্থা এবং পর্যটকদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ঘটনার পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পর্যটনকেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি উঠেছে। তদন্ত প্রতিবেদন ও পুলিশের পরবর্তী পদক্ষেপের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য সামনে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


























