
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জ জেলার আদালত বিভক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের আইনজীবীরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টায় নারায়ণগঞ্জ আদালত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার হোসেন প্রধান, ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট আসমা হেলেন বিথিসহ প্রায় ৬০-৮০ জন আইনজীবী অংশ নেন।
মিছিলটি আদালতের বারান্দা ও চত্বর প্রদক্ষিণ করে। এ সময় আইনজীবীরা অভিন্ন আদালত ব্যবস্থা বজায় রাখা এবং জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ দুটি আদালত বর্তমান স্থানে রাখার দাবি জানান। একই সঙ্গে আদালত কোনোভাবেই কালীবাজারে স্থানান্তর করা যাবে না বলে তারা দাবি করেন।
মিছিলে ‘কোর্ট বিভক্তি মানি না, মানবো না’সহ বিভিন্ন স্লোগান দেন আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার হোসেন প্রধান বলেন, “কোর্ট বিভক্তি আমরা মানি না, মানবো না।” দুটি আদালত একই স্থানে রাখার বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শেষ হয়। বর্তমানে আদালত চত্বরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

























