
রাশেদ আহমদ, (মৌলভীবাজার) প্রতিনিধি,
মৌলভীবাজারের রাজনগরে একটি ওয়াজ মাহফিলে মাদরাসার উন্নয়ন তহবিল সংগ্রহের জন্য আয়োজিত নিলামে এক হালি (চারটি) কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। একই নিলামে আধা কেজি খেজুর বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। নিলামে প্রবাসীদের অংশগ্রহণে ফলগুলোর দাম স্বাভাবিক বাজারমূল্যের তুলনায় অনেক বেড়ে যায়।
বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিছা এলাকার জামেয়া ইসলামিয়া মরিছা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিকে এ নিলাম অনুষ্ঠিত হয়।
মাদরাসার শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত একটার দিকে মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মশাহিদ আলী ক্বাসেমী তাঁর বয়ান শেষ করেন। এরপর মাদরাসার উন্নয়ন তহবিলের জন্য এক হালি কমলা নিলামে তোলা হয়। নিলাম কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।
নিলামে কমলার প্রাথমিক দর ধরা হয় ৫ হাজার টাকা। এরপর প্রবাসীসহ উপস্থিত ব্যক্তিরা একে একে দর বাড়াতে থাকেন। একপর্যায়ে এক হালি কমলার দাম ৫০ হাজার টাকা পর্যন্ত ওঠে। সর্বোচ্চ দর দিয়ে কমলাগুলো কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন।
আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, তাঁর বাবা মূলত মাদরাসার উন্নয়নে সহযোগিতা করার উদ্দেশ্যেই এত বেশি দামে কমলা কিনেছেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটিকে প্রতিবছর ৩৬ হাজার টাকা করে নিয়মিত অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।
কমলার পাশাপাশি নিলামে আধা কেজি খেজুরও তোলা হয়। মাদরাসা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সেটি ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মরিছা মাদরাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহিন নিলামে ফল বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, সাধারণ মানুষের সহযোগিতায় মাদরাসাটি পরিচালিত হয়। কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে মাদরাসার তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন ফল নিলামে তোলা হচ্ছে। শুভাকাঙ্ক্ষীরা মূলত মাদরাসার উন্নয়নে সহযোগিতার মানসিকতা থেকেই এসব নিলামে অংশ নেন।

























